এমপি আয়নুলের গাড়িবহরে হামলার ঘটনায় গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের নেতা

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. গোলাম মুক্তাদীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার (১৬ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান।

জানা গেছে, মো. গোলাম মুক্তাদীর মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি। তাকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।

এর আগে শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার রাতে রায়গঞ্জ থানায় স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে রোববার বিকেল পৌনে ৫টার দিকে রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের সামনে অবস্থিত ক্যাফে ফাস্ট ফুডে অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।