ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি

বলিউড তারকা ইমরান হাশমির রোমান্টিক সিনেমা ‘জান্নাতে’র ফ্র্যাঞ্চাইজি ফিরছে। প্রযোজক বিশেষ ভাট জানিয়েছেন, ‘জান্নাত ৩’ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, ইতোমধ্যে সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজও শুরু হয়েছে।

২০০৮ সালে মুক্তি পাওয়া ‘জান্নাত’ ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা। 

কুণাল দেশমুখ পরিচালিত ও মুকেশ ভাট প্রযোজিত রোমান্টিক ক্রাইম ড্রামাটিতে ইমরানের বিপরীতে অভিনয় করেছিলেন সোনাল চৌহান। মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে সিনেমাটি। বিশেষ করে সিনেমার গানগুলো এখনো শ্রোতাদের কাছে জনপ্রিয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘জান্নাত ৩’ নিয়ে কথা বলেছেন প্রযোজক বিশেষ ভাট। তাকে সিনেমাটির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘আওয়ারাপন ২’-এর পর ‘জান্নাত ৩’ নিয়ে ভাবছেন তিনি।

চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে বিশেষ ভাট বলেন, এ বিষয়েই বর্তমানে কাজ চলছে। অর্থাৎ সিনেমাটির গল্প ও চিত্রনাট্য তৈরির প্রক্রিয়া এখনো চলমান।

একই সাক্ষাৎকারে ‘আওয়ারাপন ২’ নিয়েও কথা বলেন বিশেষ। 

তার দাবি, সিনেমাটি শুধু দ্রুত ব্যবসা করার উদ্দেশ্যে নির্মাণ করা হয়নি। বরং নিজেদের অর্থ বিনিয়োগ করেই সিনেমাটি তৈরি করা হয়েছে। মুক্তির আগে কোনো পরিবেশক সিনেমাটি কিনতে আগ্রহ দেখাননি বলেও জানান তিনি। তবে সিনেমাটি নির্মাণের পর বাজারে আগ্রহ তৈরি হয়।

২০০৮ সালের ১৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘জান্নাত’। সিনেমায় ইমরান হাশমি অভিনয় করেন অর্জুন দীক্ষিত চরিত্রে। দ্রুত বড়লোক হওয়ার স্বপ্ন দেখা অর্জুন প্রথমে ছোটখাটো জুয়ার সঙ্গে যুক্ত থাকলেও পরে ক্রিকেট বুকিংয়ের বড় চক্রে জড়িয়ে পড়ে। একপর্যায়ে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়। অন্যদিকে জোয়া চরিত্রে অভিনয় করেন সোনাল চৌহান। তাদের প্রেম ও অপরাধজগতের টানাপোড়েন ঘিরেই এগিয়েছে সিনেমার গল্প।

‘জান্নাত’র সাফল্যের পর ২০১২ সালে মুক্তি পায় ‘জান্নাত ২’। কুণাল দেশমুখ পরিচালিত এই সিনেমাতেও ইমরান হাশমি ছিলেন। তার সঙ্গে অভিনয় করেন রণদীপ হুডা ও এষা গুপ্তা।

এবার তৃতীয় কিস্তির খবর সামনে আসায় ইমরান হাশমির ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। তবে ‘জান্নাত ৩’-এ ইমরান হাশমি থাকছেন কি না, কিংবা থাকলে তার চরিত্র কী হবে- এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তবে প্রযোজকের বক্তব্যে পরিষ্কার, ‘জান্নাত’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অধ্যায় নিয়ে কাজ শুরু হয়েছে। ফলে দীর্ঘ অপেক্ষার পর অর্জুন দীক্ষিতের সেই জগতে দর্শক নতুন করে ফিরতে পারবেন কি না, এখন সেটিই দেখার বিষয়।