কক্সবাজার শহরে অস্ত্রসহ দুই যুবক আটক

কক্সবাজার পৌরসভার ঘোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে ঘোনারপাড়া এলাকার আলমগীর টাওয়ারের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মহাজেরপাড়া এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে মো. ফয়সাল (৪৫) এবং ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোনারপাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. রুবেল (৩০)।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সাঈদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘোনারপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ফয়সাল ও রুবেলের কাছ থেকে একটি অবৈধ একনলা বন্দুক উদ্ধার করা হয়। পরে অস্ত্রটি জব্দ করে দুজনকে আটক করা হয়।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আটক ফয়সালের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, সোমবার তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানো হবে।