চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা পারকৃষ্ণপুর-মদনা এলাকায় ঘাসের জমিতে বিষ প্রয়োগ করে শতাধিক দেশীয় বিভিন্ন প্রজাতির পাখি হত্যার অভিযোগে একজনকে ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম এই অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত শনিবার (১৫ আগস্ট) বিকেলে পারকৃষ্ণপুর-মদনা গ্রামের আতিয়ার রহমান তার ঘাসের জমিতে কীটনাশক/বিষ প্রয়োগ করেন। ওই জমিতে পোকা খেতে গিয়ে শনিবার ও রোববার মিলিয়ে বিভিন্ন প্রজাতির শতাধিক দেশীয় পাখি মারা যায়।
খবর পেয়ে গতকাল রাত ৮টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পান। জিজ্ঞাসাবাদের পর জমির মালিক আতিয়ার রহমানের ছেলে রাজন বিষ প্রয়োগের কথা স্বীকার করলে বন্য প্রাণী সংরক্ষণ আইনে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইনে অভিযুক্ত ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় কৃষকদের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে সচেতন করা হয়।