খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় সন্দেহভাজন আসাদুজ্জামান মিঠুকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে নগরীর নতুন রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিঠু নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার সুলতান মাহমুদের ছেলে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. আহাদুজ্জামান মিয়া জানান, আসাদুজ্জামান মিঠুকে দুপুরে নগরীর নতুন রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। খুলনা থেকে বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই।
তিনি আরও বলেন, গত ১৪ জুলাই রাত ১টার দিকে খুলনা সদর থানা এলাকার জাতিসংঘ শিশু পার্কের পশ্চিম পশে কয়েকজন সাংবাদিক বসে গল্প করছিলেন। এ সময় তাদের লক্ষ্য কয়েকজন দুর্বৃত্ত গুলি করে। এ মামলায় তাকে সন্দিগ্ধ আসামি করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে। এছাড়া তার সঙ্গে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে খুলনা মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে আসাদুজ্জামান মিঠুকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত ১৩ আগস্ট তাকে বহিষ্কার করা হয় বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে।