সিনেমা কতটা জঘন্য তা দেখতেই দর্শকদের ভিড়, বক্সঅফিসে সুপার হিট

অবিন্যস্ত গল্প, দুর্বল অ্যানিমেশন আর নিম্নমানের গ্রাফিকস সব মিলিয়ে চীনের স্বল্প বাজেটের অ্যানিমেশন সিনেমা ‘নিউ লাই’ মুক্তির পর দর্শক-সমালোচকদের কাছে ব্যর্থ হওয়ারই কথা ছিল। কিন্তু ঘটেছে উল্টোটা। সিনেমাটির দুর্বলতা নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া হাস্যরস ও আলোচনা শেষ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে এর দর্শক ও টিকিট বিক্রি।

চীনের মুভি ট্র্যাকিং প্ল্যাটফর্ম মাওইয়ানের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম ১০ দিনে মাত্র ৭ হাজার ৭০৫ ইউয়ান আয় করেছিল ‘নিউ লাই’। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির বিভিন্ন দৃশ্য ও দুর্বল গ্রাফিকস নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে দ্রুত বাড়তে থাকে দর্শকের আগ্রহ। সর্বশেষ সিনেমাটির আয় ১ কোটি ১৪ লাখ ইউয়ান ছাড়িয়েছে।

ফলে বড় বাজেটের হলিউড সিনেমা ‘দ্য ওডিসি’ ও ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এর পাশাপাশি চীনের বক্স অফিসে জায়গা করে নিয়েছে নামমাত্র বাজেটের এই অ্যানিমেশন।

আলোচিত অ্যানিমেশন সিনেমা ‘নিউ লাই’ এর দৃশ্য। ছবি: স্ক্রিনশট

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে একজন দর্শকের মন্তব্য ভাইরাল হয়েছে, সিনেমাটি দেখলে ৮০ মিনিট অনুশোচনা হতে পারে, কিন্তু না দেখলে সারা জীবন আফসোস করতে হবে।

সিনেমাটির গল্প একটি গরুর স্বপ্নকে ঘিরে। দুর্বল ভিজ্যুয়াল ও প্রযুক্তিগত ত্রুটিগুলো নিয়েই দর্শকেরা মজা করছেন। কেউ কেউ এটিকে এআই-নির্ভর নিম্নমানের কনটেন্টের বিপরীতে ‘হাতে তৈরি’ চলচ্চিত্রের প্রতীক হিসেবেও দেখছেন।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেক ব্যবহারকারী এটিকে চলতি গ্রীষ্মের বক্স অফিসের অন্যতম অপ্রত্যাশিত সাফল্য বা ‘ডার্ক হর্স’ হিসেবে অভিহিত করছেন।

‘নিউ লাই’ এর সাফল্যের সঙ্গে চীনের শেয়ারবাজারের একটি শব্দগত সম্পর্কও টেনে আনছেন কেউ কেউ। চীনা ভাষায় ‘নিউ’ শব্দটির অর্থ ষাঁড়; একই শব্দ চাঙা বা ঊর্ধ্বমুখী শেয়ারবাজার বোঝাতেও ব্যবহৃত হয়। ফলে অর্থনৈতিক মন্দার মধ্যে বাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশার সঙ্গে সিনেমাটির নামকে মিলিয়ে অনেকে মজা করে ছবিটিকে সমর্থন করছেন।

মুক্তির আগে সিনেমাটির উল্লেখযোগ্য কোনো প্রচারণা ছিল না। এমনকি মানসম্মত অফিশিয়াল পোস্টারও ছিল না। দর্শক বাড়তে থাকায় বিভিন্ন প্রেক্ষাগৃহে অতিরিক্ত শো চালু করা হয়েছে। কোথাও কোথাও হলকর্মীরা নিজেরাই কাগজ ও রং দিয়ে গরুর ছবি এঁকে পোস্টার বানিয়ে সিনেমাটির প্রচার করছেন।

প্রেক্ষাগৃহে হাতে আকা সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

তবে সিনেমাটির অপ্রত্যাশিত সাফল্য নিয়ে সমালোচনাও রয়েছে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বেইজিং নিউজ এক কলামে সিনেমাটির অতিরিক্ত প্রদর্শন নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের মতে, এ ধরনের নিম্নমানের সিনেমাকে অতিরিক্ত সুযোগ দিলে দর্শকদের আস্থা হারাতে পারে প্রেক্ষাগৃহগুলো।

সিনেমাটিকে ঘিরে বিতর্ক থাকলেও আপাতত ‘নিউ লাই’ এর গল্পটি চীনা বক্স অফিসে ব্যতিক্রমী। ব্যর্থতা নিয়ে যত বেশি আলোচনা, তত বেশি টিকিট বিক্রি।

‘নিউ লাই’ এর সাফল্য দেখায়, নেতিবাচক প্রচারণা কীভাবে দর্শকের কৌতূহলকে টিকিট বিক্রিতে রূপান্তর করে তবে এই কৌশল দীর্ঘমেয়াদে চলচ্চিত্রের মান ও দর্শকের আস্থার বিকল্প নয়।