গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের পিয়ারাপু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন পার্শ্ববর্তী বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাড়িদহ সরদারপাড়া গ্রামের শিবলু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাওন মিয়া দীর্ঘদিন বিদেশে থাকার পর তিনি সম্প্রতি দেশে ফেরেন। ফেসবুকে কনটেন্ট তৈরির কাজ শুরু করেন। মোটরসাইকেল চালানোর বিভিন্ন কৌশলের ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করতেন তিনি। বিশেষ করে চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দেওয়ার দৃশ্যের ভিডিও ফেসবুকে পোস্ট করতেন।
একইভাবে সোমবার শাওন রাজা বিরাট থেকে একটি মোটরসাইকেল নিয়ে গোবিন্দগঞ্জের দিকে আসছিলেন। এ সময় রাস্তা ফাঁকা পেয়ে হাত ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং তা ভিডিও করার চেষ্টা করেন। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ইউক্যালিপটাস গাছের সঙ্গে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হয়। তাকে দ্রুত গোবিন্দগঞ্জ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি জানান, হাত ছেড়ে মোটরসাইকেল চালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা লেগের তার মৃত্যু হয়েছে। এসময় তিনি ভিডিও করার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।