ফরিদপুরের মধুখালীতে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে শিশুকে (৮) ধর্ষণচেষ্টার মামলায় জামাল মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি জামাল মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়। সে মধুখালী উপজেলার মাবকান্দি পশ্চিমপাড়া এলাকার মৃত মোমিন মোল্লার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ জানুয়ারি দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী দর্জিবাড়িতে নতুন জামা আনতে যায়। দর্জি বাড়িতে না থাকায় শিশুটি সেখানে অপেক্ষা করছিল। এ সময় জামাল মোল্লা শিশুটিকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। ঘটনার পর জামাল মোল্লা কৌশলে সেখান থেকে পালিয়ে যান।
পরদিন শিশুটির পিতা বাদী হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করেন। চার মাস আগে জামাল মোল্লা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী বলেন, ‘মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। শিশুদের নিরাপত্তা ও এ ধরনের অপরাধ প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ গুরুত্বপূর্ণ। আদালতের এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’