সিরাজগঞ্জে এমপির ওপর হামলার ঘটনায় চার আসামির আগাম জামিন

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় চার আসামি আগাম জামিন পেয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান। এর আগে সোমবার তারা সিরাজগৃঞ্জের রায়গঞ্জ আমলি আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন বলে জানান ওসি মো. আহসানুজ্জামান।

তিনি আরও জানান, জামিনপ্রাপ্তরা হলেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও রনতিথা হাজীবাড়ি এলাকার নাসির উদ্দিনের ছেলে রিয়াদ সেখ (৩৫), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ধানগড়া গ্রামের বাবু মিয়ার ছেলে সিমান্ত তালুকদার (২২), এনসিপির ছাত্র সংগঠন জেলা ছাত্রশক্তির যুগ্ম সদস্যসচিব ও রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সদস্যসচিব মো. সিফাত (২০) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ধানগড়া সদরের মুক্তাদিরের ছেলে জুবায়ের হোসেন (১৯)।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে রায়গঞ্জের ধানগড়া বাজারে এমপি ভিপি আয়নুল হকের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় এজাহারনামীয় ১৫ জন ও অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করা হয়।

মামলায় রোববার রাতে গোলাম মোক্তাদির এবং একই দিন বিকেলে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের রিমান্ডের বিষয়ে পরবর্তী তারিখে শুনানি হবে বলে জানান ওসি মো. আহসানুজ্জামান।