বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চায় নতুন মাত্রা যোগ করতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’ (বাইবিসাস)।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দশ সদস্য বিশিষ্ট নবগঠিত প্রতিষ্ঠাকালীন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও এটিএন বাংলার সংবাদকর্মী হাবিবুল্লাহ এবং সেক্রেটারি হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী ও দ্য ডেইলি ক্যাম্পাসের ক্যাম্পাস প্রতিনিধি ও স্বাস্থ্য বিষয়ক পত্রিকা মেডিভয়েসের স্টাফ রিপোর্টার মুজাহিদুল ইসলাম।
এছাড়াও সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নয়া দিগন্তের সাদাফ হোসেন জিহাদ। প্রতিষ্ঠাকালীন কমিটির মনোনীত অন্য সদস্যরা হলেন—যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল্দীন মজুমদার, প্রচার ও দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান, প্রকাশনা সম্পাদক শওকত জামিল প্রিন্স, আইটি সম্পাদক আল আমীন, অর্থ সম্পাদক আবিদ হাসান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মঞ্জুরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন (অব.)।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে যদি সাংবাদিকতার বিভাগ থাকতো তবে অটোমেটিক একটি সাংবাদিকতার ক্লাব তৈরি হয়ে যেত। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা এক্সট্রা কারিকুলামের অন্তর্ভুক্ত। এসময় তিনি একাডেমিক, কো-কারিকুলাম ও এক্সট্রা কারিকুলাম কার্যক্রমের ব্যাখ্যা প্রদান করেন এবং সমিতির উদ্দেশ্য ও গগণতন্ত্রের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
নৈতিক চর্চাই হলো সাংবাদিকতা জানিয়ে ভিসি বলেন, মহান এই পেশার বিপক্ষে রয়েছে হলুদ সাংবাদিকতা বা অপসাংবাদিকতা। সুতরাং এখানে ব্যাড প্রাক্টিসও দেখা যায়। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে।
বাইবিসাসকে সুখবর দিয়ে বলেন, অন্যান্য বিভাগের মতো বিশ্ববিদ্যালয়ের নামে সাংবাদিক সমিতির মাধ্যম ম্যাগাজিন ‘ইউনিভার্সিটি অব ইউথ জার্নাল’ প্রতি মাসে একটা করে বের করতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার ড. মো. সোহেল আল বিরুনী, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তারা।