লক্ষ্মীপুরে মোটরসাইকেল চলাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইব্রাহীম নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রবিবার সকালে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড জেবি রোডে এ দুর্ঘটনা ঘটে। ইব্রাহীম স্থানীয় দালাল বাজার ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও পৌর শহরের বাঞ্চানগর এলাকার সৌদি প্রবাসী আবুল খায়েরের ছেলে।
নিহতের মামা আবদুর রাজ্জাক জানান, প্রবাস ফেরত বাবার কাছে ছেলে ইব্রাহীম মোটরসাইকেলের আবদার করেন। ঠিকমত গাড়ি চালাতে পারত না ইব্রাহীম। তবুও আবদার রক্ষায় শনিবার বিকেলে ছেলেকে একটি নতুন মোটরসাইকেল কিনে দেন বাবা।
ভোরে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন ইব্রাহীম। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনের সঙ্গে ধাক্কা লাগে। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায় ইব্রাহীম।
আরও পড়ুন: কুমিল্লায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭
সদর থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান মিয়া জানান, ওই কলেজছাত্র অদক্ষ চালক ছিলেন। তাছাড়া হেলমেট বিহীন অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মারা গেছেন। লাশ হাসপাতাল মর্গে পাঠানোর পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/অনি