বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকা আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসে দেশের ফুটবল ও আর্জেন্টিনা-সমর্থকদের উন্মাদনা নিয়ে কথা বলেছেন। তার বিশ্বাস, একদিন বিশ্বকাপের মঞ্চে খেলবে বাংলাদেশ। 

সোমবার (১৭ আগস্ট) বিকেলে বাফুফে ও আয়োজকদের উদ্যোগে ফর্টিজ গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘ঢাকা আন্তঃস্কুল চ্যাম্পিয়নস লিগ’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন আর্জেন্টিনার সাবেক এই তারকা।

ক্যানিজিয়ার নাম উঠলেই অবধারিতভাবে আসে দিয়েগো ম্যারাডোনার প্রসঙ্গ। দীর্ঘদিনের বন্ধু ম্যারাডোনাকে স্মরণ করে ক্যানিজিয়া বলেন, ‘ডিয়েগো আমার বন্ধু ছিল। আমরা আর্জেন্টাইনরা তাকে অনেক মিস করি। জাতীয় দলে আমরা বহু বছর একসঙ্গে খেলেছি। আমি তার চেয়ে কিছুটা ছোট ছিলাম, তাই ছোটবেলা থেকেই তাকে দেখে বড় হয়েছি। বোকা জুনিয়র্সে তার সঙ্গে খেলাটাও ছিল দারুণ অভিজ্ঞতা।’

ফুটবল মাঠে ম্যারাডোনার সঙ্গে ক্যানিজিয়ার বিখ্যাত চুমুর দৃশ্য এখনো সমর্থকদের আলোচনায় আসে। সেই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে ক্যানিজিয়া বলেন, ঘটনাটি নিয়ে বাড়তি কিছু ভাবার সুযোগ নেই। তাঁর ভাষায়, ‘সেই বিখ্যাত চুমুর ব্যাপারটি আসলে খুব স্বাভাবিক ছিল। সে করতে চেয়েছিল, আমরা করেছি। এর মধ্যে অন্য কিছু ছিল না। এটি ছিল দুই বন্ধুর বন্ধুত্বপূর্ণ চুমু।’

বাংলাদেশে আর্জেন্টিনার বিপুলসংখ্যক সমর্থক থাকায় ক্যানিজিয়ার সফর ঘিরেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা বেশি আলোচিত হলেও দেশটির ফুটবলপ্রেম সম্পর্কে ক্যানিজিয়া অনেক আগে থেকেই জানেন বলে জানান।

তিনি বলেন, ‘১৯৮৬ সালের পর থেকেই আমি জানি, বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা ও ব্রাজিলকে অনুসরণ করে। প্রথমবার বাংলাদেশে এসে মানুষের কাছাকাছি থেকে তাদের ভালোবাসা দেখার সুযোগ পাওয়া আমার জন্য দারুণ আনন্দের। বিশ্বের বিভিন্ন জায়গায় আর্জেন্টিনার সমর্থক আছে; কিন্তু বাংলাদেশের মানুষের মতো এত আবেগ ও ভালোবাসা খুব কম জায়গাতেই দেখা যায়।’

বিশ্বকাপ ফুটবলে এখনো বাংলাদেশের অংশগ্রহণ নেই। তবে বিশ্বকাপ এলেই দেশের মানুষের ফুটবল উন্মাদনা আন্তর্জাতিকভাবেও আলোচনায় আসে। আর্জেন্টিনা ও ব্রাজিলের সংবাদ সম্মেলনেও বিভিন্ন সময় বাংলাদেশের সমর্থকদের প্রসঙ্গ উঠে এসেছে। বাংলাদেশ কবে বিশ্বকাপ খেলবে—এমন প্রশ্নেরও মুখোমুখি হতে হয়েছে ক্যানিজিয়াকে।

বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, ‘বিশ্বকাপে জায়গা করে নেওয়া সব সময়ই কঠিন। তবে আমি আশা করি, বাংলাদেশ আগের চেয়ে আরও ভালো করবে এবং এগিয়ে যাবে। বিশ্বকাপে এখন ৪৮টি দল খেলছে। ভবিষ্যতে হয়তো আরও বেশি দল খেলবে। ফলে বাংলাদেশের সামনে সুযোগ তৈরি হতে পারে। আমার বিশ্বাস, বাংলাদেশও একদিন বিশ্বকাপে খেলবে।’

‘ঢাকা আন্তঃস্কুল চ্যাম্পিয়নস লিগ’-এর ফাইনালের বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার উদ্দেশ্যেই বাংলাদেশে এসেছিলেন ক্যানিজিয়া। তবে বৃষ্টির কারণে তিনি পুরো ম্যাচটি উপভোগ করতে পারেননি।

ফাইনালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালকে (বিআইটি) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী কলেজ। পরে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন আর্জেন্টিনার সাবেক এই তারকা ফুটবলার।