দক্ষিণ চীন সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস বেনফোল্ড’ টানা চার দিন বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। গত মাসে ঘটা এই দুর্ঘটনার পর জাহাজটিকে ফিলিপাইনে টেনে নেওয়া হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) মার্কিন সপ্তম নৌবহরের মুখপাত্র কমান্ডার ম্যাথিউ কোমারের বরাতে এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
মার্কিন সপ্তম নৌবহরের মুখপাত্র কমান্ডার ম্যাথিউ কোমার জানান, ২০২৬ সালের ২৪ জুলাই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিয়মিত কার্যক্রম পরিচালনার সময় ইউএসএস বেনফোল্ডের জেনারেটরে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে এতে জাহাজের নাবিকদের কোনো ক্ষতি হয়নি।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় জাহাজের নাবিকরা এয়ার কন্ডিশনিং, শৌচাগার, রান্নার ব্যবস্থা ও পানীয় জল সেবা থেকে বঞ্চিত হন। সেই সময় বেনফোল্ডের সঙ্গে থাকা জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের ক্রুজার ‘ইউএসএস রবার্ট স্মলস’ নাবিকদের খাবারের ব্যবস্থা করে সহায়তা প্রদান করে।
ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বর্তমানে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি