ইউক্রেনের খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলায় ১০ জন নিহত ও আটজন আহত হয়েছেন। একই সময়ে মস্কো লক্ষ্য করে ইউক্রেন ৬২০টিরও বেশি ড্রোন ছুড়েছে, যা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা হিসেবে দেখা হচ্ছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পাঁচটার মধ্যে রাজধানীর দিকে আসা ১৮০টি ড্রোন প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। পরে মস্কোগামী আরও ১৭টি ড্রোন ভূপাতিত করা হয়। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস একে গত দুই বছরের মধ্যে মস্কোয় সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে বর্ণনা করেছে।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিওভ টেলিগ্রামে জানান, ড্রোন হামলায় ১০ বছরের এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। পাভলভস্কি পোসাদ জেলায় একটি ঘর পুড়ে গেছে এবং বোগোরোদস্কি জেলায় কয়েকটি বাড়ি ও গেস্টহাউস ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোন হামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদাম সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন দাবি করেছে, এই প্রতিষ্ঠানটি রুশ ড্রোনের যন্ত্রাংশ সরবরাহ করে।
অন্যদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানায়, তারা রাতে আসা ১৪৭টি ‘শত্রু’ ড্রোনের মধ্যে ১১১টি ভূপাতিত করতে পেরেছে। খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবোভ জানিয়েছেন, পেচেনিহি বসতিতে প্রাথমিক তথ্য অনুযায়ী ১০ জন নিহত ও আটজন আহত হয়েছেন। এছাড়া ইজিয়াম শহরে ৯ বছরের এক শিশুসহ আরও পাঁচজন আহত হন।
কিয়েভ অঞ্চলের ব্রোভারি শহরে রুশ ড্রোনের আঘাতে দপ্তর ও গুদামসহ বিভিন্ন ভবনে আগুন লাগে বলে মেয়র ইহোর সাপোঝকো জানান। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ফ্রন্টলাইনের যুদ্ধ স্থবির হয়ে পড়ায় দুই দেশই দূরপাল্লার হামলা বাড়িয়েছে, যার ফলে বেসামরিক নিহতের সংখ্যা বাড়ছে।
গত জুলাইয়ে ইউক্রেনে ৪৩৭ জন বেসামরিক লোক নিহত হন, যা ২০২২ সালের মে মাসের পর সর্বোচ্চ। রাশিয়াও জুলাই মাসে ইউক্রেনীয় হামলায় ৭৯ জন বেসামরিক লোক নিহতের কথা নিশ্চিত করেছে।
সূত্র: আল জাজিরা