দেশে সারের কোনো সংকট নেই বলে দাবি করে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পর্যাপ্ত মজুত থাকার পরও সার নিয়ে যে বিশৃঙ্খলা হচ্ছে, তা ‘প্লান ওয়াইজ’ বা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, এখন গত বছরের চেয়ে আমাদের কাছে বেশি সার রয়েছে। অনেক জায়গায় সরকারি গুদামে সার রাখার জায়গা নেই। সারের কোনো সমস্যা নেই।
সরকার সার নিয়ে নতুন একটি নীতিমালা করেছে উল্লেখ করে তিনি বলেন, এতে যারা বঞ্চিত হবেন বলে মনে করছেন, তারাই বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন। বিষয়টি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। যেহেতু আমাদের কাছে সার আছে, তাই ষড়যন্ত্র নিয়ে ভয় নেই।
যারা সার নিয়ে বিশৃঙ্খলা করছেন, তাদের উদ্দেশে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘এগুলো ভালো না, এগুলো করবেন না।
কৃষিমন্ত্রী আরও বলেন, কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধির জন্য বিমানবন্দরে প্রয়োজনীয় অবকাঠামো ও সংরক্ষণসুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। কার্গো ভিলেজে কোল্ড স্টোরেজ এবং কুল রুমের সুবিধা বাড়ানো হলে কৃষিপণ্য দ্রুত ও মানসম্মতভাবে রপ্তানি করা সম্ভব হবে।