স্বামীকে জবাই করে হত্যা

স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন, রায়ে অসন্তুষ্ট পরিবারের বিক্ষোভ

সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে জবাই করে হত্যার মামলায় তার স্ত্রী উম্মে জামিলা তিথি ও মনিরুল ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি মনিরুল ফকির (৩৬) আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি নিহত সুজনের স্ত্রী উম্মে জামিলা তিথি পলাতক রয়েছেন।

সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মনিরুল ফকির শাহজাদপুর উপজেলার মাঘলা গ্রামের বিল্লাল ফকিরের ছেলে। উম্মে জামিলা তিথি পাবনার আটুয়া হাউজপাড়া গ্রামের গোলাম রহমানের মেয়ে।

মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ২ জুন সিরাজগঞ্জে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সেলিম রেজা সুজনকে ঘুমের ওষুধ খাইয়ে জবাই করে হত্যা করা হয়। পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। হত্যার পর তার স্ত্রী তিথি পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের মা মাজেদা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় তিথি ও মনিরুলের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।

দীর্ঘ সাক্ষ্য ও প্রমাণ গ্রহণ শেষে আদালত মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা করেন। এ মামলার অপর দুই আসামি মো. পিয়াস হোসেন (৩৪) ও রাশিদুল ইসলাম রাশেদ (৪২)কে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

আদালতের এ রায়কে ঘিরে সিরাজগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবারের লোকজন রায়ে সন্তুষ্ট না হয়ে আদালতের সামনে বিক্ষোভ মিছিল করছে।