রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে একই দিনে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ২টার মধ্যে কালুখালী ও রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে কালুখালী উপজেলার পাইকারা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক নজরুল ইসলাম (২৮) ঘটনাস্থলেই নিহত হন। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা।
এ ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন।
অন্যদিকে, দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর এলাকায় গরুবোঝাই একটি ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে গরুবোঝাই ট্রাকে থাকা প্রায় ২ লাখ টাকা মূল্যের একটি গরু মারা যায়। এ ঘটনায় ট্রাকটির চালক ও হেলপার আহত হন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এ ছাড়া দুপুর ১টার দিকে কালুখালী উপজেলার পাইকারা এলাকায় কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে রাজবাড়ীগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা অন্তত আট যাত্রী আহত হন। দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক এবং হেলপার পালিয়ে যান।
আহতরা হলেন—কুষ্টিয়া সদরের ডা. মো. সৈকত হানাস (৪০), জান্নাতুল (৫০), কুমারখালীর বিপ্লব (২৯), শামীম (৩৫), হরিপুরের উজ্জল (৩২), জুলিয়ার আলমঙ্গীর (৪৪), পাংশা উপজেলার হাবাসপুরের আব্দুস সাত্তার (৫৪) ও ঝিনাইদহের শৈলকুপার মাসুদ রানা (৪০)। তারা সবাই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।
পাংশা হাইওয়ে থানার এসআই শফিকুল ইসলাম বলেন, সকালে পাংশা কলেজ মোড়-সংলগ্ন পাইকারা এলাকায় একজন ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। অপর দুটি দুর্ঘটনার ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।