বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ধোঁয়াশা কাটেনি। মঙ্গলবার (১৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই সফর সম্পর্কিত কোনো তথ্য আপাতত দিল্লির কাছে নেই।
রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারের প্রধানকে ভারত সফরের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সফর নিয়ে এই মুহূর্তে নতুন কোনো অগ্রগতি নেই।
তিনি আরও বলেন, সফর সংক্রান্ত কোনো নতুন তথ্য পাওয়া গেলে তা সাংবাদিকদের জানানো হবে। তিনি এ বিষয়ে আগের বক্তব্যের কথাও উল্লেখ করেন এবং জানান, আমন্ত্রণের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।
এদিকে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ভারতের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক বিদ্যা ভূষণ সোনি। তার মতে, সফরটি হলে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ তৈরি হতে পারে।
সোমবার (১৭ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনি বলেন, বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের ভারত সফর দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নেওয়ার সুযোগ তৈরি করতে পারে। তবে সফরটি না হলে সেই সম্ভাবনা অনেকটাই নষ্ট হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক এই কূটনীতিকের মতে, দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ ও আলোচনার পথ খোলা রাখা গেলে ভবিষ্যতে বিভিন্ন দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে অগ্রগতি সম্ভব।