ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান পেলেও জাতীয় দলে সুযোগ পেলে তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন বাঁহাতি ওপেনার নাঈম শেখ। তবে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে আসন্ন সিরিজে ভালো খেলে পুনরায় জাতীয় দলে জায়গা করে নেওয়াই তার মূল লক্ষ্য। দক্ষিণ আফ্রিকা সফরের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের এই লক্ষ্যের কথা জানান তিনি।
নাঈম শেখ বলেন, ‘এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। এই জায়গায় ভালো পারফর্ম করে অবশ্যই জাতীয় দলে ফেরার লক্ষ্য থাকবে। তবে ব্যক্তিগত পরিকল্পনাগুলো এখনই প্রকাশ করতে চাচ্ছি না; নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছি। দলকে ম্যাচ জেতানোই এখন সবচেয়ে বড় লক্ষ্য।’
দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে খেলার পরিকল্পনা নিয়ে এই ওপেনার জানান, সেখানে দল প্রথমে দুটি চার দিনের ম্যাচ এবং পরবর্তীতে ওয়ানডে সিরিজ খেলবে। পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিয়ে খেলার চেষ্টা করবেন তিনি। এতদিন ধরে যে প্রস্তুতি নিয়েছেন, মাঠে তা সঠিকভাবে ফুটিয়ে তোলাই তার প্রধান উদ্দেশ্য।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার চেয়ে বর্তমান সিরিজে মনোযোগ ধরে রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে এত দূরের চিন্তা করছি না। এখন কেবল এই সিরিজটা খেলতে যাচ্ছি। খেলাটা উপভোগ করে যেন ভালো করতে পারি এবং দল জয় পায়—এই সিরিজ ঘিরেই আমার সমস্ত মনোযোগ।’
এদিকে দলের পেস বোলিং পাইপলাইন নিয়ে ইতিবাচক মূল্যায়ন করেছেন নাঈম। তিনি উল্লেখ করেন, ভালো মানের পেসাররা থাকলে দলের শক্তি অনেকটাই বৃদ্ধি পায়। পূর্বে যারা খেলে নিজেদের সেরাটা দিয়ে দলকে জিতিয়েছে, তাদের এই সাফল্য জাতীয় দল ও পাইপলাইন উভয়ের জন্যই ইতিবাচক দিক বলে মন্তব্য করেন তিনি।