বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান শুটিং করতে গিয়ে গুরুতর হাঁটুর চোট পেয়েছেন। ভারতের পরিচালক কবীর খানের পরবর্তী সিনেমার গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ে সিনেমাটির শুটিং চলছিল। শুটিংয়ের শেষ দিনে গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের কাজ করছিলেন কার্তিক। এ সময়ই হাঁটুতে গুরুতর চোট পান তিনি। পরে তাকে মুম্বাইয়ের মাহিমের ফোর্টিস রাহেজা হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এক দিনের মধ্যেই কার্তিকের হাঁটুতে অস্ত্রোপচার করা হতে পারে। এরপর সুস্থ হয়ে উঠতে তাকে কয়েক দিন বিশ্রামে থাকতে হবে।
কবীর খানের ক্রীড়া-নির্ভর এই সিনেমাটিতে কার্তিককে কাশ্মীরের এক কিশোরীকে কিকবক্সিং প্রশিক্ষণ দেওয়া কোচের চরিত্রে দেখা যাবে। বাস্তব জীবনের ক্রীড়াবিদ তাজামুল ইসলামের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। মুম্বাই ও কাশ্মীরের বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং হয়েছে।
এই সিনেমার মধ্য দিয়ে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করছেন কার্তিক। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ডোপামিন স্টুডিওসের ব্যানারে কবীর খান ফিল্মসের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছেন তিনি।
চোট থেকে সুস্থ হওয়ার পর কার্তিকের পরবর্তী কাজ হিসেবে অনুরাগ বসুর নাম ঠিক না হওয়া একটি রোমান্টিক সিনেমায় ফেরার কথা রয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করছেন শ্রীলীলা। সিনেমাটি প্রযোজনা করছে টি-সিরিজ।
কবীর খান ও কার্তিক আরিয়ানের এটি দ্বিতীয় যৌথ কাজ। এর আগে ২০২৪ সালে ‘চন্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তারা। মুরলিকান্ত পেটকারের জীবন অবলম্বনে নির্মিত সিনেমাটি ব্যবসায়িকভাবে প্রত্যাশা পূরণ করতে না পারলেও কার্তিককে এনে দেয় সেরা অভিনেতা হিসেবে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
সূত্র: ইন্ডিয়া টুডে