অভিনয়ের পাশাপাশি এবার ব্যবসায় যুক্ত হলেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। ‘স্পিডটাচ অটোস’ নামের গাড়ি বিক্রির প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে দায়িত্ব নিয়েছেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে নতুন এই উদ্যোগ প্রসঙ্গে সামিরা খান মাহি বলেন, ‘আমার ভিশন, এনার্জি ও আইডিয়া দিয়ে এই কোম্পানির জার্নিতে অবদান রাখতে চাই। স্পিডটাচ অটোসের মাধ্যমে ব্র্যান্ড নিউ, রিকন্ডিশন্ড ও প্রি-ওউনড গাড়ির ক্ষেত্রে গ্রাহকদের জন্য আরও ভালো মান, সঠিক মূল্য ও প্রতিযোগিতামূলক সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য।’
মাহি বলেন, ‘অনেক দিন ধরেই অভিনয়ের পাশাপাশি ব্যবসা নিয়ে পরিকল্পনা করছিলাম। মূলত দুটি ভিন্ন ব্যবসার পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। প্রথমে আনুষ্ঠানিকভাবে গাড়ি ব্যবসার কথা সবাইকে জানালাম। আশা করছি, শিগগির অন্যটির খবরও জানাতে পারব।’
গত দুই বছর ধরে অভিনয়ে তুলনামূলক কম সময় দিচ্ছেন সামিরা খান মাহি। গল্প ও চরিত্র পছন্দ হলেই কেবল কাজ করছেন তিনি। বেছে বেছে কাজ করার এই সিদ্ধান্তের কারণেই অভিনয়ের পাশাপাশি বিকল্প আয়ের পথ তৈরি করতে চেয়েছেন মাহি।
এদিকে অভিনয়েও ব্যস্ততা রয়েছে মাহির। সম্প্রতি দুটি মিনি সিরিজে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিরিজ দুটির নাম ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’।