পুলিশ পরিচয়ে হয়রানি: মানিকগঞ্জে ‘সোর্স’ গ্রেপ্তার, এএসআই প্রত্যাহার

মানিকগঞ্জের হরিরামপুরে পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে তল্লাশি ও হয়রানির অভিযোগে মো. আলমগীর হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় অভিযুক্ত হরিরামপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহেল রানাকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর ওসি মুহাম্মদ আফজাল হোসেন।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের পিপুলিয়া ব্রিজ নামক স্হানে কয়েকজন পথচারীর শরীর তল্লাশি করেন। তল্লাশিতে কিছু না পেয়ে তারা হারুকান্দি ইউনিয়নের দক্ষিণ চাঁদপুরের দিকে চলে যান। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের পেছনে ধাওয়া করেন। একপর্যায়ে দক্ষিণ চাঁদপুর এলাকা থেকে আলমগীর হোসেনকে আটক করে বলড়া মোড়ে নিয়ে আসা হয়।

সেখানে স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মুখে আটক আলমগীর হোসেন নিজেকে হরিরামপুর থানার এএসআই সোহেল রানার সোর্স হিসেবে দাবি করেন। ঘটনার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, পুলিশের পরিচয়ে অভিযুক্ত ব্যক্তিরা সাধারণ মানুষকে হয়রানি করার পাশাপাশি মারধরও করেছেন। খবর পেয়ে হরিরামপুর থানার কিলো ডিউটিতে থাকা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাসুদ মুন্সী ঘটনাস্থলে পৌঁছে আলমগীর হোসেনকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আট ব্যক্তির বিরুদ্ধে কোনো ভুক্তভোগী লিখিত অভিযোগ না দেওয়ায় তাকে ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মাছুম জানান, ঘটনাটির প্রাথমিক সত্যতা ও জেরে হরিরামপুর থানার এএসআই মো. সোহেল রানাকে থানা থেকে ক্লোজড করা হয়েছে।