শেরপুরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী সাব-রেজিস্ট্রার না থাকায় জমি কেনাবেচা ও নিবন্ধন কার্যক্রমে চরম স্থবিরতা দেখা দিয়েছে। জনভোগান্তি নিরসন এবং দ্রুত একজন স্থায়ী কর্মকর্তা নিয়োগের দাবিতে বুধবার (১৯ আগস্ট) কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী জমির ক্রেতা-বিক্রেতা ও সংশ্লিষ্টরা।

গুরুত্বপূর্ণ এই জনবহুল উপজেলার ২৩০টি মৌজায় প্রতিবছর গড়ে ১০ থেকে ১২ হাজার জমির দলিল নিবন্ধিত হয়। কিন্তু স্থায়ী কর্মকর্তা না থাকায় বর্তমানে ধুনট উপজেলার সাব-রেজিস্ট্রার নাইমা সিদ্দিকা সপ্তাহে মাত্র দুদিন (বুধ ও বৃহস্পতিবার) এখানকার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এই স্বল্প সময়ে চাহিদার তুলনায় সামান্য কিছু দলিল রেজিস্ট্রি হওয়ায় চরম হয়রানি, সময়ক্ষেপণ ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

শেরপুর দলিল লেখক সমিতির সাবেক সভাপতি এস এম ফেরদৌস জানান, জমিজমা সংক্রান্ত জরুরি কাজের জন্য মানুষকে এই কার্যালয়ের ওপর নির্ভর করতে হয়। কিন্তু স্থায়ী কর্মকর্তার অভাবে স্বাভাবিক কাজ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং মানুষ দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন।

মানববন্ধনে অংশ নেওয়া দলিল গ্রহীতা আবদুল কাদের বলেন, ‘নিয়মিত প্রশাসনিক ও নিবন্ধন কাজ ব্যাহত হওয়ায় দাতা-গ্রহীতা, আইনজীবী ও দলিল লেখকসহ সবাই বহুমুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন। সাধারণ মানুষের স্বার্থে এখানে দ্রুত একজন যোগ্য ও স্থায়ী সাব-রেজিস্ট্রার পদায়ন করা অত্যন্ত জরুরি।’

এদিকে চলমান এই অচলাবস্থা নিরসনে বগুড়া জেলা রেজিস্ট্রারের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন স্থানীয় দলিল লেখকেরা। ওই আবেদনে নিবন্ধন কার্যক্রমে তৈরি হওয়া অনিশ্চয়তা ও জনভোগান্তির কথা তুলে ধরে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

স্থায়ী কর্মকর্তা না থাকার কারণে সৃষ্ট এই সংকট দূর করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে বলে মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রত্যাশা ব্যক্ত করেছেন।