কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে অগ্নিকাণ্ড এবং যুক্তরাজ্যের লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। বুধবার (১৯ আগস্ট) বিকেলে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক শোকবার্তায় এই সমবেদনা জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, চিকিৎসার উদ্দেশ্যে বা বিভিন্ন প্রয়োজনে ভারতে গিয়ে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনায় ৯ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। একই সঙ্গে গত ১৭ আগস্ট পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া নামের এক প্রবাসী যুবকের নিহতের ঘটনাও অত্যন্ত দুঃখজনক। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন এই শোক সইতে পারে, সেজন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি।
অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত ও সসম্মানে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতে অবস্থিত বাংলাদেশ মিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।