কোনো চাপের মধ্যে না থেকে জনগণের প্রত্যাশা পূরণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশন কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সংস্থাটির নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বুধবার (১৯ আগস্ট) তার প্রথম কার্যদিবস শুরু করেন। একই সঙ্গে দুজন কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়ারও আজ কার্যদিবস ছিল। কমিশনে যোগদানের পর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা। পরে বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার।
দুদক অতীতে রাজনৈতিক সরকারের সময় স্বাধীনভাবে কাজ করতে পারেনি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা কোনো চাপের মধ্যে নেই।’
প্রথম কার্যদিবসের অভিজ্ঞতা তুলে ধরে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেন, ‘আজকে আমাদের প্রথম কার্যদিবস ছিল দুদকের। আমরা কাজ শুরু করেছি। আমরা চাই মানুষের প্রত্যাশা পূরণ করে, প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজ করতে পারি, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি। দেশ থেকে দুর্নীতি মুক্ত করার যথোপযুক্ত চেষ্টা করতে পারি।’
দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা কাজ করা শুরু করে দিয়েছি। ইনশাআল্লাহ আগামী দিনে ভালো ফলাফল নিয়ে আসতে পারব বলে আমাদের প্রত্যাশা আছে।’
আওয়ামী লীগ সরকারের সময় শুরু হওয়া বিভিন্ন অভিযোগের অনুসন্ধান, আগের কমিশনের হাতে থাকা ফাইল এবং আলোচিত বিভিন্ন বিষয়ে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘আমাদের সামনে এখনো ওই রকম কোনো ফাইল আসে নাই। আমরা বসছি কেবল। আসুক, আমরা যা করব আপনারা নিজেরাই দেখতে পাবেন।’
আগাম কোনো প্রতিশ্রুতি দিতে চান না জানিয়ে তিনি বলেন, ‘এসব নিয়ে ইন অ্যাডভান্স আমরা কথা বলতে চাই না। এক কথা বললাম আর কাজ করতে পারলাম না, পরবর্তী সময়ে আপনারাই তো প্রশ্ন তুলবেন। অতএব দয়া করে আমাদের সুযোগ করে দিন। আমরা স্বাধীনভাবে কাজ করছি। আমাদের সামনে কোনো সমস্যা আসুক, আমরা সমাধান অত্যন্ত সুন্দরভাবে করতে পারব।’