বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও নজরদারির দায়িত্ব পুরোপুরি দেশের সশস্ত্র বাহিনীর হাতে দেওয়ার প্রস্তাব উঠেছে ইরানে। দেশটির পার্লামেন্ট সদস্য ইব্রাহিম রেজাই এ বিষয়ে একটি নতুন নিরাপত্তা পরিকল্পনার কথা জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
প্রস্তাবটি বাস্তবায়ন হলে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের ওপর নজরদারি ও তল্লাশির দায়িত্ব সরাসরি ইরানের সশস্ত্র বাহিনী পালন করবে। অর্থাৎ, গুরুত্বপূর্ণ এই জলপথের নিরাপত্তা ব্যবস্থাপনায় সেনাবাহিনীই মূল কর্তৃত্ব পাবে।
ইব্রাহিম রেজাই বলেন, কোনো জাহাজ ইরানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করলে, শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে কিংবা গুপ্তচরবৃত্তির সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে সেটিকে হরমুজ প্রণালিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
এ ছাড়া প্রণালিটি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে পারাপার বাবদ ফি বা মাশুল আদায়ের বিষয়টিও সশস্ত্র বাহিনী নির্ধারণ করবে বলে জানান তিনি।
রেজাই আরও বলেন, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ইরানের বিরুদ্ধে ক্ষতিকর কোনো পদক্ষেপ নেওয়া হলে হরমুজ প্রণালিকে পাল্টা ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে ব্যবহার করতে পারে তেহরান। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশ বা পক্ষের ওপর অতিরিক্ত কর আরোপ, এমনকি তাদের জাহাজ ও সম্পদ জব্দ করার মতো পদক্ষেপও নেওয়া হতে পারে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস রপ্তানির বড় একটি অংশ এই জলপথের ওপর নির্ভরশীল হওয়ায় ইরানের এমন প্রস্তাব আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করতে পারে।