মধ্যপ্রাচ্যে নতুন এক আঞ্চলিক বাস্তবতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার দাবি, এই পরিবর্তনের ফলে এ অঞ্চলে বিদেশি পরাশক্তিগুলোর প্রভাব ক্রমেই কমে আসছে এবং যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনকভাবে সরে যাওয়ার পথ খুঁজছে।
বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ এসব কথা বলেন।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলেইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) শীর্ষ কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসের কথাও উল্লেখ করেন তিনি। গালিবাফ বলেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি তাদের আত্মত্যাগের ফল।
২০২০ সালের জানুয়ারিতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় সোলেইমানি ও আল-মুহান্দিস নিহত হন।
গালিবাফ বলেন, মধ্যপ্রাচ্যে গড়ে ওঠা নতুন পরিস্থিতিতে দেশগুলোর পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বিদেশি শক্তির হস্তক্ষেপ দ্রুত কমে যাচ্ছে। তিনি আরও বলেন, ইসরায়েলের ‘নদী থেকে সাগর পর্যন্ত’ আধিপত্য বিস্তারের যে পরিকল্পনা ছিল, সেটিও এখন বাস্তবতার বাইরে চলে গেছে।
সূত্র: আল-জাজিরা