‘বিশ্বকাপ ফাইনালে কিছু একটা ঘটেছিল’, বিশেষ ভিডিওতে মুখ খুললো আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। পুরো ম্যাচে আলবিসেলেস্তেদের পারফরম্যান্স ছিল একেবারে ম্যাড়ম্যাড়ে। এরপর ড্রেসিংরুমে লিওনেল মেসির একটি ভিডিও এবং নানা সমীকরণ মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ষড়যন্ত্র তত্ত্ব’ আবিষ্কার করে সমর্থকদের বড় একটি অংশ। অবশেষে সেই ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুলেছে  আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। 

বুধবার (১৯ আগস্ট) বিশ্বকাপ ফাইনালের এক মাস পূর্তি ছিল।  এ উপলক্ষে এএফএ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে। ভিডিওতে খেলোয়াড়দের ধন্যবাদ জানানোর পাশাপাশি ‘কখনো হাল ছেড়ো না’ বার্তা দেওয়া হয়।

ভিডিওর নেপথ্য ধারাভাষ্যে বলা হয়, ‘এক মাস আগে কিছু একটা ঘটেছিল। অনেকেই চায়নি সেটা ঘটুক, কিন্তু সেটাই ঘটলো। আর্জেন্টিনা আরেকটি ফাইনালে খেললো। যদিও অনেকে এটা এড়িয়ে যেতে চান। আমরা প্রতিটি ম্যাচের মোড় ঘুরিয়েছি। ইংল্যান্ডকে সেমিফাইনালে বিদায় করে ইতিহাস গড়েছি।’

ফাইনালের পর ওঠা ষড়যন্ত্র-তত্ত্ব নিয়ে এএফএর অফিশিয়াল বিবৃতিতে বলা হয়, ‘সব ধরনের আর্জেন্টিনাবিরোধী প্রচারণা সত্ত্বেও আমরা ঠিকই ফাইনালে পৌঁছেছিলাম। তাই কেউ যখন বলবে, কিছু একটা ঘটেছিল, শুধু বলবেন, হ্যাঁ। আসলে যা ঘটেছিল তা হলো, একটি দল জেতার জন্য সবকিছু উজাড় করে দিয়েছিল। তারা শেষ পর্যন্ত লড়েছে, কখনো হাল ছাড়েনি। সবকিছু জেতার পরও এই দফায় তাদের হেরে যেতে হয়েছে।’

শেষদিকে আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসির রানার্সআপ পদক পাওয়ার পর কান্নার দৃশ্যটি জুড়ে দেওয়া হয়েছে। সেই সময় ধারাভাষ্যকার বলেন, ‘আমাদের অধিনায়কের কান্না আমাদের আরেকবার শিখিয়ে দিয়েছে যে আপনি হারতে বা জিততে পারেন; কিন্তু যা-ই ঘটুক না কেন, কখনোই হাল ছাড়া যাবে না।’

প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনালে হারের পর আর্জেন্টিনা দলকে ঘিরে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। কেউ দাবি করেন, মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টাইন খেলোয়াড়রা গম্ভীর মুখে পৌঁছেছিলেন। গ্যালারিতে দেখা যায়নি দেশটির কিংবদন্তি ফুটবলারদের। কেউবা বলছেন, ১২০ মিনিটে মাত্র একবার গোলমুখে শট নেওয়া দলের উদ্দেশে মাঠে নামার আগে মেসি বলেছিলেন, ‘সবকিছু ভুলে যাই।’ আবার এনজো ফার্নান্দেজ নাকি শুধু কথা বলার কারণেই প্রথম হলুদ কার্ড দেখেছিলেন। এমন অসংখ্য তত্ত্ব ও সন্দেহ ফুটবল-দুনিয়াজুড়ে আলোচনার জন্ম দেয়।

যদিও আর্জেন্টাইন ফুটবলার, কোচ থেকে শুরু করে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া– প্রত্যেকেই সেই তত্ত্ব উড়িয়ে দিয়েছেন। মেসিদের ড্রেসিংরুম কাণ্ড ও তথাকথিত ‘ষড়যন্ত্র’ নিয়ে তাপিয়া সরাসরি সতর্ক করে লিখেছিলেন, ‘কোনো মিথ্যা বা অপপ্রচারে কান দেবেন না, যা কেবল আমাদের অস্থিতিশীল করতেই তৈরি করা হয়েছে। যারা আর্জেন্টিনার ফুটবলকে এত কিছু দিয়েছে, তাদের বিভাজিত করার চেষ্টা বন্ধ করুন। আমরা স্পেনকে হারাতে পারিনি। তারা আমাদের চেয়ে সেরা ফুটবল খেলেছে এবং কোনো অজুহাত ছাড়াই ন্যায্যভাবে জয়ী হয়েছে।’