উসাইন বোল্টকে ছাড়িয়ে গতির বিশ্ব রেকর্ড গড়ল রোবট সুপারম্যান

বিশ্বের দ্রুততম মানব জ্যামাইকার উসাইন বোল্টকে দৌড়ে হারিয়ে দিতে পারে নতুন মানবাকৃতির রোবট তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। ট্র্যাকে দৌড়ানোর একটি ভিডিওতে ‘সুপারম্যান’ নামের এই প্রোটোটাইপ রোবটকে ঘণ্টায় ২৮.৩ মাইল বা প্রতি সেকেন্ডে ১২.৬৬ মিটার গতি তুলতে দেখা গেছে।

২০০৯ সালের ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ঘণ্টায় ২৭.৭৮ মাইল বা প্রতি সেকেন্ডে ১২.৪২ মিটার গতিতে দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন স্পিন্টার বোল্ট। আর তাই প্রযুক্তি ও গতিবিদ্যার সীমানা ছাড়িয়ে মানুষের শারীরিক সক্ষমতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে নতুন রোবটটি।

উচ্চক্ষমতাসম্পন্ন রোবট কুকুর ও মানবাকৃতির রোবট তৈরির জন্য পরিচিত চীনের হাংঝৌভিত্তিক প্রতিষ্ঠান ইউনিট্রি রোবটটির নকশা করেছে। ভিডিওর আরেকটি অংশে দেখা গেছে, স্থির অবস্থা থেকে রোবটটি ওপরের দিকে দুই মিটার লাফ দিচ্ছে, যা ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্রিস্টোফার স্পেলের গড়া ১.৭ মিটার বা ৫ ফুট ৭ ইঞ্চির লম্বালম্বি লাফানোর বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে।

ইউনিট্রি তাদের এক্স অ্যাকাউন্টে ভিডিও প্রকাশ করে লিখেছে, ‘ইউনিট্রির নতুন রোবটের ট্রেইলার: সুপারম্যান ভেঙে দিচ্ছে মানবজাতির সীমা।’

প্রতিষ্ঠানটির তথ্যমতে, রোবটটি তৈরি করতে মাত্র তিন মাসের কিছু বেশি সময় লেগেছে। এর পায়ের দৈর্ঘ্য মাত্র ০.৮৫ মিটার বা ২.৮ ফুট। ছোট পদক্ষেপ নিয়ে এমন বিস্ময়কর গতি তোলা অত্যন্ত চমকপ্রদ। রোবটের উচ্চতা, ওজন, ব্যাটারি ক্ষমতা কিংবা লাফানোর পরীক্ষা কতবার করা হয়েছে সেই বিস্তারিত কারিগরি তথ্য এখনো প্রকাশ করেনি ইউনিট্রি। 

এর আগে ইউনিট্রির তৈরি এইচ১ মডেলের মানবাকৃতির রোবট প্রতি সেকেন্ডে ১০ মিটার বা ঘণ্টায় ২২.৩ মাইল গতিতে দৌড়ে শিরোনামে এসেছিল। রোবটটির দৌড়ানোর ধরন নিয়ে অনেকে রসিকতা করলেও এটির ক্ষমতা সবাইকে চমকে দিয়েছে। 

রোবটটির দ্রুতগতিতে লাফ দেওয়া ও দৌড়ানোর এই ক্ষমতা প্রমাণ করে আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত যন্ত্র মানুষের দৈনন্দিন কাজ এবং উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। প্রযুক্তি বিশ্লেষক মা জিহুয়ার ধারণা, ভবিষ্যতে হিউম্যানয়েড রোবট কঠিন ভূখণ্ড, দুর্যোগপূর্ণ এলাকা ও বিপজ্জনক পরিস্থিতিতে সহজে কাজ করতে পারবে।

সূত্র: ডেইলি মেইল