ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর ঠেকাতে সরকারের রিভিউ পিটিশন ফেরত দিলো পাকিস্তান সুপ্রিম কোর্ট 

কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য ইসলামাবাদের বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ পরিবর্তন চেয়ে পাকিস্তান সরকারের করা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার (২০ আগস্ট) অসম্পূর্ণ কাগজপত্রের কারণ দেখিয়ে আদালতের রেজিস্ট্রারের কার্যালয় আবেদনটি ফেরত দেয়।এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্ট ইমরান খানকে দুই দিনের মধ্যে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল। পরবর্তী শুনানি আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাকে ওই হাসপাতালেই রাখার নির্দেশ দেওয়া হয়।

বিচারপতি শহীদ ওয়াহিদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন আদেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার মধ্যরাতের মধ্যে ৭৩ বছর বয়সী ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করার কথা।

আবেদন ফেরত, নতুন করে দাখিলের প্রস্তুতি

সুপ্রিম কোর্টের আদেশের পর সরকার প্রথমে তা বাস্তবায়নের কথা জানিয়েছিল। পরে আদেশটি পুনর্বিবেচনা ও প্রত্যাহারের আবেদন করে। তবে বৃহস্পতিবার অসম্পূর্ণ কাগজপত্রের কথা উল্লেখ করে আবেদনটি ফেরত দেয় আদালতের রেজিস্ট্রারের কার্যালয়।

নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ত্রুটি সংশোধন করে সরকার নতুন করে আবেদন দাখিল করতে পারে। তবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মহাসচিব সালমান আকরাম রাজা দাবি করেছেন, আদালতের আপত্তির পর সরকার পুনর্বিবেচনার আবেদনটি প্রত্যাহার করে নিয়েছে।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের ১৮ আগস্টের আদেশ অমান্য করার কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। ইমরান খানকে অবিলম্বে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করতে হবে।

আদালত অবমাননার হুঁশিয়ারি পিটিআইয়ের

ইমরান খানকে বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে হাসপাতালে ভর্তি না করা হলে শুক্রবার আদালত অবমাননার মামলা করার হুঁশিয়ারি দিয়েছে পিটিআই।

দলটির এক বিবৃতিতে বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাতের মধ্যে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার কথা থাকলেও এখনো তা বাস্তবায়ন করা হয়নি। আদালতের আদেশ বাধ্যতামূলক হওয়ায় এটি অমান্য করার সুযোগ নেই।

পিটিআই জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ইমরানকে হাসপাতালে স্থানান্তর করা না হলে সুপ্রিম কোর্ট নিজেই আদালত অবমাননার কার্যক্রম শুরু করতে পারে। তা না হলে দলের আইনজীবীরা শুক্রবার সকালে এ বিষয়ে আবেদন করবেন।

ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

দীর্ঘদিন ধরে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। তাকে পর্যাপ্ত চিকিৎসা না দেওয়ার অভিযোগও রয়েছে তাদের।ইমরানের চিকিৎসা নিয়ে আলোচনায় অন্যতম বিষয় তার চোখের সমস্যা। জানুয়ারির শেষ দিকে তার রাইট সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন ধরা পড়ার কথা প্রকাশ্যে আসে। এরপর কয়েক দফায় চিকিৎসার জন্য তাকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে নেওয়া হয়।

পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের দাবি জোরালো হয়। তার স্বজন ও পিটিআই নেতারা কারাবন্দী অবস্থায় যথাযথ চিকিৎসা, পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং আইনি পরামর্শ পাওয়ার সুযোগ সীমিত করার অভিযোগও করে আসছেন।

এদিকে সরকারের পুনর্বিবেচনার আবেদন ফেরত দেওয়া এবং সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে ইমরান খানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হবে কি না, এখন সেদিকেই নজর রয়েছে।