গাজীপুরের কালিয়াকৈরে নিজ বাড়িতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে শাহনাজ আক্তার (৪৮) নামের এক নারী গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শাহনাজ আক্তার উপজেলার শ্রীফলতলী গ্রামের (হাসপাতালের পশ্চিম পাশে) মৃত শমসের আলীর মেয়ে। একমাত্র মেয়ের বিয়ের পর থেকে তিনি নিজ বাড়িতে একাই বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক আটটার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে শাহনাজ আক্তারকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায়। এ সময় তার চিৎকার শুনে আশপাশের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা দ্রুত এগিয়ে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে প্যান্ট-শার্ট পরিহিত এক পুরুষ ও এক নারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে অবিলম্বে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মজিবুল ইসলাম জানান, আহত নারীর পেট ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত ১৪টি স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। রক্তক্ষরণ ও গুরুতর জখমের কারণে সংকটাপন্ন অবস্থায় তাঁকে কুমুদিনী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।