বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা জানিয়ে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের জন্য মির্জা ফখরুলকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুলকে অভিনন্দন জানান জারদারি। বার্তায় তিনি বলেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং দেশের মানুষের কল্যাণে উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, অভিন্ন ইতিহাস, ধর্ম ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে।
জারদারি বলেন, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে তিনি প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করতে আগ্রহী।
এ সময় মির্জা ফখরুলকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান জারদারি। তার প্রত্যাশা, এ সফর দুই দেশের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি করবে।
অভিনন্দনবার্তায় বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব সফলভাবে পালনের জন্য মির্জা ফখরুলের প্রতি শুভকামনা জানান পাকিস্তানের প্রেসিডেন্ট। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।