শিবগঞ্জে আমবাগান থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শ্যুটারগান, বুলেট, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

শুক্রবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) গভীর রাতে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বেড়িবাঁধসংলগ্ন ফাঁসিতলা মাঠ এলাকার একটি আমবাগানে অভিযান চালানো হয়।

অভিযানে আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি শ্যুটারগান, একটি বুলেট, দুটি হাসুয়া, এক কেজি ৮৫০ গ্রাম গানপাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়।

র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ বলেন, অভিযানে শ্যুটারগান, বুলেট ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। উদ্ধার করা সব আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।