মানিকছড়িতে নানির কুলখানির দিন নাতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির মানিকছড়িতে নানির কুলখানির দিন সালাউদ্দিন আরিফ (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সালাউদ্দিন আরিফ ওই এলাকার মিছির আলীর ছেলে। তিনি এক সন্তানের জনক। তার স্ত্রী ফারজানা আক্তার বর্তমানে অন্তঃসত্ত্বা বলে পরিবার সূত্রে জানা গেছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ছিল আরিফের নানি ও মিছির আলীর মায়ের কুলখানি। এ উপলক্ষে সকাল থেকেই পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এর মধ্যে কোনো এক সময় আরিফ পরিবারের সদস্যদের চোখের আড়ালে চলে যান। পরে স্বজনরা তার বাবার ঘরের সিলিংয়ে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান।

খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহতের বাবা মিছির আলী বলেন, ‘আরিফ তার স্ত্রীকে নিয়ে ফেনীর ছাগলনাইয়া উপজেলার জশপুর নতুনপাড়ায় বসবাস করত। আমার মায়ের মৃত্যুর খবর পেয়ে দুই দিন আগে সে তিনটহরীতে আসে। আজ মায়ের কুলখানির দিন হঠাৎ সে এমন একটি ঘটনা ঘটাবে, তা আমি কল্পনাও করতে পারিনি।’

মানিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।