মন্ত্রিসভায় রদবদল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী হচ্ছেন সাচিং প্রু জেরী

বিএনপির মন্ত্রীসভায় আসছে রদবদল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার সময়ই মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণ হচ্ছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথগ্রহণের পর নতুন মন্ত্রীদের শপথ হতে পারে।  

মন্ত্রিসভা সম্প্রসারণে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি জোটের নেতাদেরও যুক্ত করা হচ্ছে। নতুন সদস্যদের শপথের জন্য বঙ্গভবনে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বিএনপির বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। তিনি পেতে যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব।

বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। পরবর্তী সিদ্ধান্তে তাকে অন্য কোনো মন্ত্রণালয়ে স্থানান্তর করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

এছাড়া মন্ত্রীসভায় স্থান পাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। জোটের নেতাদের মধ্যে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নামও রয়েছে। এ ছাড়া গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনও নতুন মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।