ব্রাজিলের বিপক্ষে ভারতের আসন্ন প্রীতি ম্যাচ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির ফুটবল দলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া। কলকাতায় হতে যাওয়া এই হাই-প্রোফাইল ম্যাচে বিপুল অর্থ খরচ না করে তা দেশের ফুটবলের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে ফুটবলপ্রেমীদের ম্যাচটি বয়কট করার ডাকও দিয়েছেন ভুটিয়া।
আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলতে নামবে ভারত। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচটি আয়োজন করতে প্রায় ৬০ থেকে ৭০ কোটি রুপি খরচ হতে পারে।
৪২০ গ্রামসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইচুং ভুটিয়া বলেন, ‘ব্রাজিলের ওই ম্যাচ বয়কট করুন। আমার মনে হয়, সেটাই হবে বড় একটি বার্তা। তখন প্রত্যেক আয়োজক ও ফেডারেশন দুবার ভাববে।’
এই অর্থ ভারতীয় ফুটবলের অবকাঠামো ও খেলোয়াড় তৈরিতে বিনিয়োগ করা হলে দীর্ঘমেয়াদে বেশি সুফল পাওয়া সম্ভব বলে মনে করেন ভুটিয়া। পশ্চিমবঙ্গ সরকারকেও একইভাবে অর্থ ব্যয়ের আহ্বান জানিয়েছেন তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকার যদি এই ম্যাচের জন্য অর্থ দেয় বা অর্থ সংগ্রহের চেষ্টা করে, তাহলে দয়া করে সেই অর্থ ব্যয় করুন, যাতে কমনওয়েলথ গেমসে পশ্চিমবঙ্গ পরবর্তী সময়ে আরও কয়েকটি স্বর্ণপদক জিততে পারে।’
ভারতের সাবেক অধিনায়ক বলেন, ‘তাই যখন আপনার কাছে ৩০ কোটি রুপি আছে, সেটি পরবর্তী চার বছরে বিনিয়োগ করুন, যাতে কমনওয়েলথ গেমসে ১০টি পদক জেতা যায়। আমরা এখানে অলিম্পিক আয়োজনের চেষ্টা করছি। চেষ্টা করুন, পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদরা যেন অলিম্পিকে গিয়ে পদক জিততে পারেন। অথবা ৩০ কোটি রুপি দিয়ে ১০০টি ফুটসাল মাঠ তৈরি করুন—সাতজনের খেলার ফুটসাল মাঠ। বিভিন্ন এলাকায় ১০০টি মাঠ তৈরি করা সম্ভব। অর্থটা যথাযথভাবে ব্যবহার করুন। একটি ৯০ মিনিটের ম্যাচে সব টাকা খরচ করে ফেলবেন না।’
ব্রাজিলের ম্যাচ ঘিরে ভারতে যে ব্যাপক আগ্রহ তৈরি হবে, তা স্বীকার করেছেন ভুটিয়া। তবে এক ম্যাচের উত্তেজনার চেয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। ভুটিয়া বলেন, ‘ম্যাচটি হলে সবাই রোমাঞ্চিত হবে, দর্শকেরা আসবেন, গণমাধ্যম থাকবে, সরকারও খুশি হবে। কিন্তু ম্যাচটি হয়ে যাওয়ার পর আপনার টাকা শেষ, আর আপনার ফুটবল ২০ বছর পিছিয়ে থাকবে।’
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস