ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। তবে স্টিভেন স্মিথ ও ক্যামেরুন গ্রিনের ব্যাটে ঘুরে দাঁড়ায় অজিরা। তবে ৩০ রানের মধ্যে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে টাইগাররা।
বাংলাদেশের ৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। ম্যাট রেনশ ৮, ট্রাভিস হেড ২২ ও মার্নাস লেবুশেন ৪ রান করে সাজঘরে ফিরে ফিরে যান।
এরপর গ্রিনকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন স্মিথ। ৭৭ রানের জুটি গড়েন তারা। এরপর শুরু হয় পেসার শরীফুল ইসলামের তাণ্ডব। মাত্র ২৮ রানের মধ্যে ৫ উইকেট হারায় অজিরা।
স্মিথ ৪২, অ্যালেক্স ক্যারি ৫, মিচেল স্টার্ক ১ রান করে আউট হন। আর রানের খাতা খোলার আগেই ফিরে যান বেউ ওয়েবস্টার ও প্যাট কামিন্স।
একাই ৬ উইকেট শিকার করেন শরীফুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ৮৭ রানের লিড পেয়েছে তারা।