অনলাইন জুয়ার প্রতিবাদ করে হামলার শিকার সেই কলেজ শিক্ষকের মৃত্যু

লালমনিরহাটে মাদক, জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার শিকার হওয়া কলেজ শিক্ষক আরিফুল ইসলাম (৩৫) মারা গেছেন।

শুক্রবার (২১ আগস্ট) রাতে টানা ২০ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তার পরিবার নিশ্চিত করছেন।

নিহত আরিফুল ইসলাম লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর ও ৪১তম বিসিএসের নন-ক্যাডার কর্মকর্তা ছিলেন। এর আগে তিনি মাদক, জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে প্রতিবাদের কারণে গত ১ আগস্ট কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালানো হয়।
 
হামলার পর গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে লালমনিরহাট সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। একপর্যায়ে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

স্থানীয়দের অভিযোগ, মাদক, জুয়া ও ক্যাসিনোর প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে আরিফুলের ওপর হামলা চালানো হয়েছিল।

এদিকে শুক্রবার (২১ আগস্ট) রাতে শিক্ষক আরিফুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী হামলায় অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে আগুন দেয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় প্রকৃত ঘটনার তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।

এলাকাবাসী জানান, তার মৃত্যুর খবরে উত্তেজিত জনতা শুক্রবার রাতে সদরের মোগলহাট ও আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অভিযুক্তদের দুটি বাড়ি ভাঙচুর ও সাতটি বাড়িতে আগুন দিয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ বলেন, শিক্ষক আরিফুলের মৃত্যুর ঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিক্ষকের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।