শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে টিকটককে ৪০০ মিলিয়ন ডলার জরিমানা

যুক্তরাষ্ট্রের শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন (কোপ্পা) লঙ্ঘনের অভিযোগে টিকটক ও এর মূল কোম্পানি বাইটড্যান্স মার্কিন বিচার বিভাগের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। মামলা নিষ্পত্তির জন্য তারা মোট ৪০০ মিলিয়ন ডলার পরিশোধে রাজি হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) মার্কিন বিচার বিভাগ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

চুক্তি অনুযায়ী টিকটক তাৎক্ষণিকভাবে ৩০০ মিলিয়ন ডলার দেবে। বাকি ১০০ মিলিয়ন ডলার দেওয়া হবে যদি তাদের পূর্বসূরি প্রতিষ্ঠান মিউজিক্যালির বিরুদ্ধে থাকা পুরনো সম্মতিসূচক আদেশটি বাতিল হয়।

বিচার বিভাগ জানিয়েছে, শিশুদের গোপনীয়তা সংক্রান্ত মামলায় এত বড় অঙ্কের জরিমানা এর আগে খুব কমই আদায় হয়েছে।

যুক্তরাষ্ট্রের কোপ্পা আইন অনুসারে ১৩ বছরের কম বয়সী শিশুদের কাছ থেকে মা-বাবার অনুমতি ছাড়া কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

২০২৪ সালে মার্কিন বিচার বিভাগ ও ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) যৌথভাবে টিকটকের বিরুদ্ধে এ মামলা করেছিল। অভিযোগ ছিল—মা-বাবার সম্মতি ছাড়াই লাখ লাখ শিশুর ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহার করা হয়েছে। এমনকি ১৩ বছরের কম বয়সীদের জন্য আলাদা ‘কিডস মোড’-এও ইমেইল ঠিকানাসহ নানা তথ্য নেওয়া হয়েছিল।

এর আগে ২০১৯ সালেও মিউজিক্যালির বিরুদ্ধে একই ধরনের মামলা হয়েছিল। ২০১৭ সালে বাইটড্যান্স মিউজিক্যালি কিনে নেয় এবং পরে তা টিকটকের সঙ্গে একীভূত করে।

এ বিষয়ে টিকটকের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।