ঢাকার নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়ন বিভিন্ন ধরণের ফলদ ও বনজ গাছের চারা রোপন ও বিতরণ করেছে বৃক্ষবন্ধু পরিষদ নামে একটি সামাজিক সংগঠন।
শনিবার (২২ আগস্ট) নয়াকান্দা ও দড়িকান্দা গ্রামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বসতবাড়ি, মসজিদের পাশে খালি জমিতে, রাস্তার দুপাশে হিমসাগর, গৌরমতি, বারি-৪, বারোমাসি কাটিমন, মল্লিকা আমের চারা, দার্জিলিং কমলা, ড্রাগন, উন্নতজাতের জাম, শরবতি কাঠবেল, কাঁঠাল, থাই বারোমাসি কদবেলসহ নানা প্রজাতির চারা রোপণ ও বিতরণ করে সংগঠনের সদস্যবৃন্দ।
বৃক্ষবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী বলেন, মানুষ ও পাখিদের খাবারের জন্য ফলের চারা রোপণ করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করা এই সংগঠনের মূল লক্ষ্য। সংগঠনের সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া বলেন, গাছ আমাদের বন্ধু, অক্সিজেনের সিন্ধু, গাছের ফল না বিকাবো, পাখির জন্য রেখে খাবো- এই স্লোগানকে সামনে নিয়ে সকলের সহযোগিতায় ফলদ বৃক্ষরোপণ ও উপহার বিতরণের এই কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দিতে চান তারা।
বৃক্ষবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মিল্টন জানান, তারা ফলের চারা রোপণ ও উপহার দিয়েই দায়িত্ব শেষ করেন না। বরং কিছুদিন পরপর সংগঠনের কোষাধ্যক্ষ একেএম মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গাছগুলোর দেখভাল করেন।
জানা গেছে, নয়াকান্দা হামিদ আলী উচ্চবিদ্যালয়ে হযরত বিনদ শাহ্ (র.), এলাকার সকল বীর মুক্তিযোদ্ধা, অ্যাড. সৈয়দ আলী আহমেদ, দড়িকান্দার সম্মাননীয় মুরুব্বি মরহুম হাজী মোহাম্মদ বিনদ বেপারী, নয়াকান্দার সম্মাননীয় মুরুব্বি মরহুম আমিন আহমেদ চৌধুরী, সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটি, কর্মকর্তা-কর্মচারী এবং নয়াকান্দা ও দড়িকান্দা গ্রামের সকল মানুষের পক্ষে সদাকায়ে জারিয়া হিসেবে বিভিন্ন উন্নতজাতের আমের চারা রোপণ করা হয়।
গাছের চারা রোপন ও বিতরণকালে সংগঠনের নিবেদিতপ্রাণ উপদেষ্টা বেগম বেদৌরা আলী শিমুল, আবু তাহের সান্টু, হায়দার আলী, পৃষ্ঠপোষক শেখ সেলিম, আনোয়ারা আক্তার, বেনজির ফারিয়াল, ইঞ্জিনিয়ার শহিদুল কায়সার সুরুজ, আঞ্জু কবির, ফেরদৌসী খানম, কার্যকরী সদস্য আবুল হোসেন মোল্লা, তামিম আদনান, মুহাম্মদ রাইস উদ্দিন, উজ্জ্বল আহমেদ, মো.মিন্টু, বিল্লাল খান দুলাল, সুবর্ণা আক্তার উপস্থিত ছিলেন।