ঝিনাইদহে অস্ত্রসহ ৩ যুবক আটক

ঝিনাইদহ শহরের বাস টার্মিনালসংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের একটি ছাত্রাবাস থেকে ওয়ান শুটার গান ও দুইটি তাজা গুলিসহ ফয়সাল (৩৪) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

একই অভিযানে মাদকসেবনের দায়ে অন্তর (২১) ও আব্দুল হাই (৩২) নামে আরও দুই যুবককে আটক করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রাবাসটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আটক ফয়সালের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়। তিনি ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় ভাড়া থাকেন। পাশাপাশি বাস টার্মিনাল এলাকায় ওই ছাত্রাবাসে একটি কক্ষ ভাড়া নিয়ে মাদক ব্যবসা পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।

আটক অন্তর (২১) ঝিনাইদহ শহরের কালিকাপুর পাড়ার বাসিন্দা। আর আব্দুল হাই (৩২) শহরের মডার্ন মোড়সংলগ্ন মহিলা কলেজ পাড়ার বাসিন্দা। ডিবি জানিয়েছে, তাদের দুজনকে মাদকসেবনের সময় আটক করা হয়েছে।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মনিরুল ইসলাম বলেন, ফয়সালকে ওয়ান শুটার গান ও দুইটি তাজা গুলিসহ আটক করা হয়েছে। আর অন্তর ও আব্দুল হাইকে মাদকসেবনের দায়ে আটক করা হয়েছে। আটক অন্তরের বাবা পটুয়াখালী জেলা পুলিশে কর্মরত। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।