মানুষের দৌড়ের গতি এবার ছাড়িয়ে গেল মানবসদৃশ রোবট। চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনারের তৈরি ‘লাইটনিং’ নামের একটি হিউম্যানয়েড রোবট ১০০ মিটার দৌড় শেষ করেছে ৯.৩২ সেকেন্ডে। রোবটটির এই সময় ২০০৯ সালে জ্যামাইকার কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের করা ৯.৫৮ সেকেন্ডের বিশ্বরেকর্ডের চেয়ে কম।
শনিবার (২২ আগস্ট) বেইজিংয়ে শুরু হওয়া দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসের আগে অনুষ্ঠিত একটি পরীক্ষামূলক দৌড়ে এই সাফল্য পায় ‘লাইটনিং’। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দৌড়ের সময় রোবটটি সর্বোচ্চ ঘণ্টায় ১৪.৫ মিটার গতিতে ছুটতে সক্ষম হয়। তবে রোবটটির এই রেকর্ড মানুষের বিশ্বরেকর্ডের সঙ্গে সরাসরি তুলনীয় নয়। কারণ, লাইটনিং হিউম্যানয়েড রোবটদের জন্য নির্ধারিত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং এর দৌড়ের শর্ত ও প্রযুক্তিগত সক্ষমতা মানুষের দৌড়ের চেয়ে ভিন্ন।
চীন সাম্প্রতিক সময়ে হিউম্যানয়েড রোবট প্রযুক্তিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উদীয়মান শিল্প হিসেবে এগিয়ে নিচ্ছে। দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠান ও নীতিনির্ধারকেরা মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিকসের অগ্রগতি ভবিষ্যতে কারখানা, সরবরাহব্যবস্থা ও বিভিন্ন ধরনের সেবায় রোবটের ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে এপ্রিল মাসে বেইজিং হাফ ম্যারাথনেও অংশ নিয়েছিল লাইটনিং। ২১ কিলোমিটারের সেই দৌড় ৫০ মিনিট ২৬ সেকেন্ডে শেষ করে রোবটটি। তখন রোবটটির উচ্চতা ছিল ১৬৯ সেন্টিমিটার এবং পায়ের দৈর্ঘ্য ছিল ৯৫ সেন্টিমিটার।
হিউম্যানয়েড রোবট গেমসের আগে এর পায়ের দৈর্ঘ্য আরও ১০ সেন্টিমিটার বাড়িয়ে ১ দশমিক ০৫ মিটার করা হয়েছে। গবেষকদের মতে, এই পরিবর্তন রোবটটির দৌড়ের গতি ও ভারসাম্য বজায় রাখার সক্ষমতায় প্রভাব ফেলেছে।
সূত্র: রয়টার্স