বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের আন্দারলেখট এলাকায় একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে গুলি চালিয়েছে দুই মুখোশধারী ব্যক্তি। শুক্রবার (২১ আগস্ট) স্থানীয় সময় রাতের এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রাত সাড়ে ১১টার দিকে ডেমোস্থেনাস্ত্রাট এলাকার পুলিশ স্টেশনের সামনে দুই ব্যক্তি আসে। সিসিটিভি ফুটেজে তাদের চলাফেরার দৃশ্য ধরা পড়ে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তাদের একজন একে-৪৭ ধরনের অস্ত্র দিয়ে স্টেশন লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। অন্যজন পুরো ঘটনাটি ভিডিও করে।
ব্রাসেলস সাউথ পুলিশ জোন জানায়, রাত ১১টা ৪০ মিনিটের দিকে স্টেশনে গুলির শব্দ শোনার খবর পায় তারা। পরে ভবনের বাইরে গুলির চিহ্ন পাওয়া যায়। স্টেশনের প্রবেশপথ ও কাচের দরজায় গুলি লাগার দাগও দেখা গেছে।
হামলার পর কালো পোশাক ও মুখোশ পরা ওই দুই ব্যক্তি একটি শেয়ার করা বৈদ্যুতিক স্কুটারে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
হামলার সময় পুলিশ স্টেশনটি সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল। তবে আশপাশের এলাকায় দায়িত্ব পালন করা কয়েকজন পুলিশ কর্মকর্তা ভবনের ভেতরে ছিলেন। এ ঘটনায় তাদের কেউ আহত হননি।
ঘটনার পর হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ব্রাসেলসের পাবলিক প্রসিকিউটর কার্যালয় ঘটনাটি তদন্তে একজন ব্যালিস্টিক বিশেষজ্ঞ নিয়োগ করেছে। পাশাপাশি ফেডারেল জুডিসিয়াল পুলিশের পরীক্ষাগার ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে পরীক্ষা করছে।