রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশের খোয়া যাওয়া পরিত্যক্ত একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগের একটি দল এ অভিযান চালায়।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকার রিগ্যাল সিএনজি পাম্পের বিপরীত পাশের রেললাইন-সংলগ্ন একটি ড্রেন থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
শনিবার (২২ আগস্ট) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে আগ্নেয়াস্ত্রের পাশাপাশি একটি খালি ম্যাগজিন এবং ৯টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি প্রক্রিয়াধীন।
ডিবি লালবাগ বিভাগ সূত্র জানায়, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া অস্ত্র ও ম্যাগজিন পুলিশের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে তারা। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ৫ আগস্ট অস্ত্রটি খোয়া গিয়েছিল বলে তাদের ধারণা। ডিএমপির কেন্দ্রীয় অস্ত্রাগারের সংরক্ষিত নম্বর মিলিয়ে অস্ত্রগুলো কোন থানার, সেটি নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে।