আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বজ্রবৃষ্টির আশঙ্কা

রাজধানীর আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৩ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, এ সময়ে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

তবে বৃষ্টির আভাস থাকলেও গরম থেকে স্বস্তি মিলবে না। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৭ মিনিটে।

এদিকে বৃষ্টিপাতের কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।