ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ

বিএনপির নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আজ রোববার (২৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

এর আগে গত ৯ আগস্ট ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার তদন্তে ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। বর্তমানে মামলাটির তদন্ত চলছে।

গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে আজ সকালে সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। তাকে হাজির করার পর প্রসিকিউশনের পক্ষ থেকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে।

এর আগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান গুমের মামলায় তার সাবেক দেহরক্ষী ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের সাক্ষ্যে ইলিয়াস আলী গুমের বিষয়টি উঠে আসে। ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে ইমরুল কায়েস জানান, ইলিয়াস আলী গুমের আগে মহাখালী এলাকায় একটি অভিযানে জিয়াউল আহসানের সঙ্গে সাইফুর রহমানও ছিলেন।

২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। তিনি সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।