ফিফার নিষেধাজ্ঞায় পড়ে যে দুটি ক্লাব এখনো মুক্ত হতে পারেনি তার মধ্যে ফকিরাপুল ইয়ংমেন্স এবং বসুন্ধরা কিংস রয়েছে। তারা আরও একটি সুযোগ পাচ্ছে। আগামী ২৯ আগস্টের মধ্যে সকল বকেয়া শোধ করে আসতে পারলে ফুটবল লিগে খেলতে পারবে। বাফুফে তাদেরকে আরও এক দফা সুযোগ দিয়েছে।
বাফুফের একাধিক সূত্রের দাবি, কিংস তাদের সকল নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে জরিমানার টাকা শোধ করেছে। টাকা শোধ করার কাগজপত্র বাফুফের সভাপতি তাবিথ আউয়ালকেও নাকি দেখিয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। তবে এ ব্যাপারে ইমরুল হাসানকে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দিয়েছেন।
গতকাল বাফুফের সভায় সশরীরে হাজির ছিলেন না বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান। সভা শেষে বাফুফের একজন কর্মকর্তা জানিয়েছেন বসুন্ধরা কিংস সময় বাড়ানোর কথা জানিয়েছিল তাই কিংস এবং ইয়ংমেন্স ক্লাব সেই সুযোগ পাচ্ছে। আর বাফুফের সভা শেষে সদস্য আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন নির্ধারিত তারিখ শেষে খেলোয়াড় রেজিস্ট্রেশনের আর কোনো সুযোগ থাকবে না। কারণ এখানে ফিফা ও এএফসিও মানবে না।'
বসুন্ধরা কিংসের বিপক্ষে ফিফার টেবিলে ১২টা অভিযোগ জমা পড়েছিল। সবাই টাকা পায়। আর সবই বিদেশি। ফিফার ওয়েব সাইটেও ১২টা নিষেধাজ্ঞা ছিল। গতকাল দেখা গেছে এখনো পাঁচটা নিষেধাজ্ঞা রয়েছে। এতে স্পষ্ট, কিংস পাওনাদারদের টাকা শোধ করছে। সব পাওনাদারের টাকা শোধ না হওয়া পর্যন্ত বাকি পাঁচটা নিষেধাজ্ঞাও উঠবে না। এমনকি একটা নিষেধাজ্ঞা থাকলেও বসুন্ধরা কিংস নতুন ফুটবলার রেজিস্ট্রেশন করতে পারবে না-বাফুফের কর্মকর্তার দাবি।
৩ সেপ্টেম্বর দলবদল শেষ হবে বলে আবার জানিয়েছে বাফুফে। ক্লাবগুলোকে চিঠি দিয়ে বলেছে ১৮ সেপ্টেম্বর লিগ, ২২ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরু। অন্যদিকে ২৪ সেপ্টেম্বর আসিয়ান কাপের প্রস্তুতি শুরু করতে চায় বাফুফে। কিন্তু মোহামেডানের মতো বড় ক্লাবগুলো রাজি নয়।