সাধারণ বাসকে স্লিপার কোচ করায় জরিমানা ২ লাখ টাকা

সুনামগঞ্জে অনুমোদন না নিয়ে সাধারণ যাত্রীবাহী বাসকে স্লিপার কোচে পরিণত করায় চারটি বাসকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২২ আগস্ট) রাতে বিআরটিএ’র সহযোগিতায় সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে নতুন বাস স্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত ইউরো কোচকে ১ লাখ টাকা, বেঙ্গল পরিবহণকে ৫০ হাজার টাকা, শ্যামলী পরিবহণকে ৩০ হাজার টাকা, সেন্টমার্টিন পরিবহণকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন।

সহকারি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন বলেন, সুনামগঞ্জে অনুমোদন না নিয়ে সাধারণ যাত্রীবাহী বাসকে স্লিপার কোচে পরিণত করে যাত্রী পরিবহনের অপরাধে চারটি বাসকে জরিমানা করা হয়েছে। আমরা সড়কে প্রতিনিয়ত নজর রাখছি।

এ সময় বিআরটিএর সুনামগঞ্জ অফিসের পরিদর্শক হাসিব ইসলাম হিমেলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।