হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৯৩৩

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ১৩১ জন।

রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৮৩৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। এ নিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৩ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত ১৩১ জনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৪০৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৯৭ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫০৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৩০ হাজার ৬০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২৫ হাজার ৭৭৫ জন।