স্বামী-স্ত্রীর দাম্পত্য সম্পর্ক ভালোবাসা, স্নেহ, মায়া-মমতা ও পারস্পরিক সম্মানের ওপর গড়ে ওঠে। একে অপরকে আদরের নানা নামে ডাকার চলও রয়েছে। বর্তমান সময়ে অনেক স্ত্রী স্বামীকে ‘বাবু’, ‘জান’ বা অন্য কোনো আদরের নামে ডাকেন। একইভাবে স্বামীরাও স্ত্রীকে ‘বেবি’, ‘জান’ কিংবা ভালোবাসার অন্য কোনো নামে সম্বোধন করেন। তবে এসব সম্বোধন ইসলামী শরিয়তে কতটা বৈধ—এ নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।
ইসলামে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও স্নেহ প্রকাশের বিষয়টি নিষিদ্ধ নয়। বরং পবিত্র কোরআনে দাম্পত্য সম্পর্কের অন্যতম ভিত্তি হিসেবে ভালোবাসা ও দয়ার কথা উল্লেখ করা হয়েছে।
আল্লাহ বলেন, ‘আর তার নিদর্শনাবলির মধ্যে রয়েছে—তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।’ (সুরা আর-রূম, আয়াত: ২১)
রাসুলুল্লাহ (সা.)-এর জীবনেও স্ত্রীদের প্রতি ভালোবাসা ও কোমল আচরণের বহু দৃষ্টান্ত রয়েছে। তিনি স্ত্রী আয়েশা (রা.)-কে আদর করে ‘হুমায়রা’ বা লাল গোলাপ বলে ডাকতেন (ইবনে মাজাহ, হাদিস : ২৪৭৪)।
অন্য হাদিসে এসেছে, নবি পত্নী আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন একবার কিছু হাবশী যুবক শারীরিক কসরত দেখানোর জন্য মসজিদে প্রবেশ করে। তখন রাসূল (সা.) আমাকে বললেন, হে হুমায়রা তুমি কি তাদের খেলা দেখতে চাও? আমি বললাম, হ্যাঁ।’ (সুনানে কুবরা, হাদিস: ৮৯০২)
এর মাধ্যমে বোঝা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসার প্রকাশ হিসেবে সুন্দর কোনো ডাকনাম ব্যবহার করা নিষিদ্ধ নয়।
‘বেবি’ বা ‘বাবু’ বলা কি হারাম?
স্বামী-স্ত্রী পরস্পরকে ‘বেবি’, ‘বাবু’, ‘জান’ বা এ ধরনের প্রচলিত আদরের নামে ডাকলে শুধু শব্দ ব্যবহারের কারণে তা হারাম হয়ে যাবে—এমন কোনো সাধারণ বিধান নেই। বরং এসব শব্দ যদি পারস্পরিক ভালোবাসা ও স্নেহ প্রকাশের উদ্দেশ্যে বলা হয় এবং এর মধ্যে নিষিদ্ধ কোনো অর্থ না থাকে, তাহলে তা বৈধ।
অর্থাৎ স্ত্রী স্বামীকে ভালোবেসে ‘বাবু’ এবং স্বামী স্ত্রীকে আদর করে ‘বেবি’ বলে ডাকতে পারেন। এতে শরিয়তবিরোধী কোনো বিষয় নেই।
তবে কোনো ডাকনামের অর্থ যদি অশ্লীল, অপমানজনক বা অসম্মানসূচক হয়, তাহলে তা ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। একইভাবে এমন কোনো সম্বোধন ব্যবহার করা ঠিক নয়, যার কারণে স্বামী বা স্ত্রী নিজেরাই অস্বস্তি বা অপমানবোধ করেন।
ভালোবাসার পাশাপাশি শালীনতাও জরুরি
ইসলাম দাম্পত্য জীবনে ভালোবাসা ও স্নেহ প্রকাশের সুযোগ দিয়েছে। তবে এর সঙ্গে শালীনতা, ভদ্রতা ও পারস্পরিক সম্মানও বজায় রাখতে হবে। বিশেষ করে অন্য মানুষের সামনে এমন আদরের সম্বোধন ব্যবহার করা উচিত নয়, যা সামাজিকভাবে অস্বস্তিকর বা বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে।
তাই স্বামী-স্ত্রী নিজেদের পছন্দ অনুযায়ী পরস্পরকে ‘বেবি’, ‘বাবু’, ‘জান’, ‘সোনা’ কিংবা অন্য কোনো ভালোবাসার নামে ডাকতে পারেন। এসব সম্বোধনকে শুধু শব্দের কারণে হারাম বলা যাবে না। সম্বোধনটি বৈধ কি না, তা মূলত এর অর্থ, উদ্দেশ্য এবং ব্যবহারের ধরন বিবেচনা করেই নির্ধারণ করতে হবে।
তবে বিশেষজ্ঞ আলেমরা বলেন, স্ত্রীকে আদর করে ডাকার জন্য পৃথিবীতে আরও বহু ভাষা ও বহু শব্দের ব্যবহার রয়েছে। আমাদের সমাজে বাবু শব্দটি যেহেতু সন্তানকে আদর করে ডাকার জন্য বব্যহার করা হয়; তাই সন্তানের বাবাকে বা মাকে একই শব্দে ডাকা দৃষ্টিকটু ও সামাজিক শিষ্টাচার বহির্ভূত।